প্রকাশিত: / বার পড়া হয়েছে
দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজার ও কোরাইশ মুন্সি হাটের মধ্যবর্তী স্থানে ইউনিয়ন বোর্ড অফিস নির্মাণ এবং প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিল না হলে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন রাজাপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চলের স্থানীয় এলাকাবাসী।
শনিবার (১৩ জুন) বিকালে দাগনভূঞা উপজেলা কোরাইমুন্সী বাজারে এ কর্মসূচী পালন করা হয়।
এর আগে কোরাইমুন্সী বাজারের ৬ টি ওয়ার্ড থেকে লোকজন মিছিল নিয়ে এসে স্থানীয় কোরাইশ মুন্সি বাজারের রাস্তার দুই পাশে ব্যানার পেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করে।

মানববন্ধন শেষে কোরাইমুন্সী বাজারের মার্কেন্টাইল ব্যাংকের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অলি আহমদ চৌধুরীর সভাপতিত্বে, সমাবেশে সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সবুজের নেতৃত্বে হারুন মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিজি মন্নান, মাওলানা শিহাব উদ্দিন, এম এ খালেক, গিয়াস উদ্দিন ভূঞা, এনসিপির ফেনী জেলা সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট মনসুর আহমেদ ভূঞা, সাবেক মেম্বার কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ২নং রাজাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৬০ থেকে ৭ ০ হাজার মানুষের বসবাস। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য ৯ নম্বর ওয়ার্ডে টেন্ডার আহ্বান করা হয়েছে। এতে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের মানুষ সুবিধা পেলেও অধিকাংশ ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াত ও সেবাপ্রাপ্তিতে ভোগান্তির শিকার হতে হবে। তারা দাবি করেন, ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষের সমান সুবিধা নিশ্চিত করতে কোরাইশমুন্সী বাজার সংলগ্ন অথবা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বোর্ড অফিস নির্মাণ করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিল করে নতুন করে উপযুক্ত স্থানে বোর্ড অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
এসময় তারা আরো বলেন, অনতিবিলম্বে আমাদের যৌক্তিক দাবি মানা না হলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করা হবে।